মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
এর কিছুক্ষণ পর ভোর ৫টা ২০ মিনিটে একই এলাকায় পৃথক অভিযান চালায় রঘুনাথপুর বিওপির বিশেষ টহলদল। এ অভিযানে একটি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে।
সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat