পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি
দুই দেশের বন্ধুপ্রতিম সম্পর্ক ও পেশাদারিত্বের মেলবন্ধন আরও দৃঢ় করতে তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সুনায়না’। আজ শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর পক্ষ থেকে একে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে স্বাগত জানিয়ে বন্দরে নিয়ে আসে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে বরণ করে নেয়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক ও নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সফরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধি দল বাংলাদেশের নৌ-বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবে। কর্মসূচির উল্লেখযোগ্য দিকগুলো হলো:
জাহাজের অধিনায়ক ও ভারতীয় নেভাল এডভাইজার চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দুই দেশের নৌ-কর্মকর্তা ও নাবিকরা একে অপরের জাহাজ ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
ভারতীয় দল চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে পেশাদার অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। একইসঙ্গে দুই প্রতিবেশী রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, তিন দিনের এই সফর শেষে আগামী ১০ মে, ২০২৬ তারিখে ভারতীয় এই জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat