মোঃআমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর উদ্দেশ্যে যাত্রী পরিবহন করতে বের হন অটোরিকশা চালক রকি মিয়া (১৯)। পথে যাত্রীবেশে তিন ব্যক্তি তার অটোরিকশায় ওঠে। একপর্যায়ে তারা কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করালে রকি মিয়া অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর নানা রুস্তম আলী (৭৩) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান মেলে, যারা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকদের টার্গেট করে অপরাধ সংঘটিত করত।
তদন্তের ধারাবাহিকতায় গত ১২ জুন দিবাগত রাতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা ফেরদৌস রহমান অন্তর ও তার সহযোগী মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করেন। অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত চক্রের অপর সদস্য মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat