
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘড়িয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের তিনটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, চিনি, লবণ, তেল ও ডালসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গ্রামের আব্দুস সামাদ ও জামাত আলীর বসতবাড়িতে। মুহূর্তেই তিনটি ঘর ও একটি রান্নাঘর আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ঘরের চালা পুড়ে যায়। স্থানীয়দের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সর্বস্ব হারায় দুই পরিবার।
মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন মো. আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রায়গঞ্জ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবার দুটির দ্রুত পুনর্বাসন ও ঘর নির্মাণে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসন ছাড়া পরিবারগুলোর পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।