শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করেন। মিছিলটি কিছু সময় পর দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় আশপাশের কয়েকজন মোবাইল ফোনে মিছিলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাত্তাব মোল্লা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যের একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। ওই দুই কমিটির সমর্থনে কিছু নেতাকর্মী চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল করেছেন বলে স্থানীয় সূত্রের দাবি।
তবে মিছিলের সঙ্গে ওই কমিটি দুটির সংশ্লিষ্টতা কিংবা মিছিলকারীদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। খাত্তাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat