
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিদ্যুৎ নেই ১৯ ঘণ্টা। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের বেশি কষ্ট হচ্ছে। বন্ধ রয়েছে সব ধরনের শারীরিক পরীক্ষা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা জানিয়েছে, হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ নেই। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রধান ভবনে অপারেশন থিয়েটার, ভর্তি রোগীদের পৃথক ওয়ার্ড, সব পরীক্ষা-নিরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হয় এই ভবন থেকে। সোমবার সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ইলেকট্রিশিয়ানরা। জেনারেটর মেশিনেও রয়েছে যান্ত্রিক ত্রুটি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্টের রোগীরা বিদ্যুৎ না থাকায় নেবুলাইজ করতে না পেরে কষ্ট পাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডগুলোতে পানি নেই। এতে শৌচাগারের কাজ সারতেও বেগ পেতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগে রোগীরা নানা ধরনের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করতে পারছেন না টেকনিশিয়ানরা।
ভর্তি হওয়া শ্বাসকষ্টের রোগী ছাবেদ আলী জানান, সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার বেলা ১১টা পার হলেও বিদ্যুতের দেখা মেলেনি। নেবুলাইজ করতে না পেরে খুব কষ্ট পেতে হচ্ছে। টয়লেটেও পানি নেই, খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। কোনো পরীক্ষা করতে পারছি না। তবে ইলেকট্রিশিয়ানরা লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চেষ্টার পরও লাইন ঠিক করতে পারেনি ইলেকট্রিশিয়ানরা। ভোর থেকে আবারও কাজ শুরু করেছেন তারা। এ ছাড়াও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। তারা এলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat