ওমর ফারুক ভুইয়া,কামারখন্দ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেলে কামারখন্দ থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীর নেতৃত্বে এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ জুন ২০২৬ তারিখ রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাটোর জেলার সিংড়া থানা ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতার করা হয়— সিরাজগঞ্জের সাদেক আলী ওরফে মোকাদ্দেস (৬২), হৃদয় হাসান (২৬), এনায়েতপুর থানার পাকড়তলা এলাকার বাসিন্দা এবং এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়া এলাকার মো. ইমদাদুল হক ও মো. সুজন (৩১), শাহজাদপুর উপজেলার বাওসাগরি এলাকার বাসিন্দা। মো. আরিফুল ইসলাম ওরফে সবুজ (৩১), নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জয়নব খাতুন (স্বামী-সবুজ মিয়া), কামারখন্দ উপজেলার ময়নাকুল এলাকার বাসিন্দাকেও গ্রেফতার করে সোমবার ১৫ জুন দুপুরে আদালতে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সাদেক আলীর বিরুদ্ধে ডাকাতি ও চুরির ৫টি মামলা, হৃদয় হাসানের বিরুদ্ধে ৭টি, সুজনের বিরুদ্ধে ১৩টি, সবুজের বিরুদ্ধে চুরি, ডাকাতির চেষ্টা ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের ৫টি এবং ইমদাদুলের বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৫টি মামলা বিচারাধীন রয়েছে।
জিজ্ঞাসাবাদে সাদেক আলী কামারখন্দ থানার টিটিসিতে ডাকাতি, নাটোর সুগার মিলে ডাকাতি, রাজশাহীর মোহনপুরের কেশরহাট কোল্ড স্টোরেজে ডাকাতি এবং মানিকগঞ্জের সাটুরিয়া থানার পপুলার পলিথিন কারখানায় ডাকাতিসহ আরও কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, হৃদয় হাসান, সুজন ও ইমদাদুল এর আগে নাটোর সুগার মিল, কেশরহাট কোল্ড স্টোরেজ, গোদাগাড়ি এবং সাভারের ধামরাই এলাকার ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বের হয়ে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ে।
তদন্তে জানা গেছে, চক্রটি ছোট পিকআপ গাড়ি ব্যবহার করে বিভিন্ন বড় প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করত। এরপর প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সাবস্টেশনে ব্যবহৃত তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যেত।
গ্রেফতারকৃতরা কামারখন্দ উপজেলার চৌবাড়ি কৃষ্ণপুর গ্রামের বন্ধ হয়ে যাওয়া ফেঞ্চি মিল্ক অ্যান্ড এগ্রো ফ্যাক্টরিতে ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কামারখন্দ থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat