পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি
কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে বিশেষ পুরস্কার, প্রশংসাপত্র ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। চারটি আলোচিত ও প্রশংসনীয় ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেসব ঘটনার জন্য সম্মাননা
১. জলাবদ্ধতা নিরসনে ট্রাফিক কনস্টেবলের মানবিক উদ্যোগ
গত ১০ জুন ভারী বর্ষণে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-২ এলাকায় ড্রেনের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হলে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. কামরুজ্জামান নিজ হাতে ময়লা পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তার এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মো. কামরুজ্জামানকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়।
২. আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতারে সাহসিকতা
গত ১৬ জুন রাজধানীর আদাবরের মফিজবাগ এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানে চাপাতি দিয়ে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান পরিচালনার সময় আদাবর থানার ওসি ও এক এসআই গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট চারজনকে আটক করা হয়। এ অভিযানে সাহসিকতার জন্য ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম), এসআই তরুণ কুমার, এএসআই আব্দুল্লাহ সাহক সবুজ, এএসআই সুধন চন্দ্র দে, এএসআই মো. শরিফুল ইসলাম এবং এএসআই মো. রবিউল ইসলামকে পুরস্কৃত করা হয়।
৩. আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন
চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৫ জুন পটিয়া থেকে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। এ সফল অভিযানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল (পিপিএম-বার), এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মো. রিমন হোসেন (পিপিএম)-কে সম্মাননা প্রদান করা হয়।
৪. চকরিয়ায় ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার এবং সাতজন আসামিকে গ্রেফতার করে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সফল অভিযানের জন্য পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. মাসুদ, এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেনকে পুরস্কৃত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী পুলিশ সদস্যদের উৎসাহিত করতেই এ রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রণোদনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat