পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কবলে পড়ে প্রাণ হারালেন ৬০ বছর বয়সী এক নারী। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহা আহাসানিয়াপাড়া এলাকায় একটি সীমানা প্রাচীর ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম দিলোয়ারা বেগম। তিনি ওই এলাকার প্রয়াত ফজল আহমেদের স্ত্রী। বুধবার দুপুরে প্রবল বৃষ্টির পর দিলোয়ারা বেগমসহ মোট তিনজন ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশী হুমায়ুন চৌধুরীর বাড়ির ইটের তৈরি সীমানা প্রাচীরটি হঠাৎ তাদের ওপর ভেঙে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে তিনজনই গুরুতর আহত হন।
"বৃষ্টির পর তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখনই হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।"
আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিলোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অপর দুই ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল, যাকে চিকিৎসকরা মৃত বলে চিহ্নিত করেছেন।
নিহত দিলোয়ারা বেগম দুই ছেলে ও এক মেয়ের জননী। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat