শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির রায়গঞ্জ উপজেলা কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টার মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে একটি সভা থেকে ফেরার পথে এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat