জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের আদর্শপাড়া এলাকায় ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে লিটন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লিটন ভুক্তভোগী শিশুটির সৎ বাবা।
ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে তিনি প্রতিদিনের মতো কাজে গেলে, ঘরে একা থাকার সুযোগে পেশায় রিকশাচালক সৎ বাবা লিটন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতিও দেখানো হয়। পরবর্তীতে গত ১৮ মে লিটন আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, লিটন মাদকাসক্ত। আমি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুটির খোঁজখবর নেয়। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat