স্পোর্টস ডেস্ক
স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানোর কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।
আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৯ বছর। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ বলে প্রশংসা করেন। তার সামাজিক কাজেরও প্রশংসা করা হয়।
অনুষ্ঠানটি হয়েছে স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে। মেসি যখন পৌঁছান, তখন বাজছিল ব্যাগপাইপ আর ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস করেন। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।
পুরস্কারটি তুলে দেন রাজকন্যা লিওনর। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী তিনি। তার নামেই এই পুরস্কার। মেসির হাতে তিনি একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন।
মেসির ক্যারিয়ারের প্রশংসা করে লিওনর বলেন, তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শুরু হয় ১৯৮১ সালে। একে অনেক সময় স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও আখ্যা দেওয়া হয়। এই পুরস্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরো (প্রায় ৭০ লাখ টাকা)। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতি বছর এটি দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।
শুক্রবার (২৩ অক্টোবর) আরও কয়েকজন পুরস্কার নিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।
ক্রীড়া বিভাগে আগে পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। পেয়েছেন ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে ও যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat