রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। শনিবার (২ মে) সকালে উপজেলার ধানগড়া ডি.কে.এস উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি ও যুবদল সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
ক্ষুদে খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য, জয়-পরাজয়ের লড়াই এবং দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
আয়োজকেরা জানান, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat