দৃশ্যপট ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় র্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার এবং এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল পাইকপাড়া মোড়ে মো. গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১০৪ বোতল স্ক্যাফসহ মোছা. রাশেদা টুলু (৬৩) নামে এক নারীকে আটক করা হয়।
গ্রেপ্তার রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল গ্রামের বাসিন্দা। তিনি মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে এবং মৃত আয়নাল হকের স্ত্রী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মেজর তাবরীজ তাজওয়ার শরীফ, কোম্পানি কমান্ডার, র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat