উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হাইওয়ে রেস্টুরেন্ট ও শিশু খাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাটিকুমরুল ও চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টে উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রজেল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, চড়িয়া কান্দিপাড়ায় অবস্থিত এইচ. এন. ফুড অ্যান্ড বেভারেজের শিশু খাদ্য চিপস তৈরির কারখানায় অভিযান চালানো হয়। তবে ওই সময় কারখানার মালিক উপস্থিত না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য তাঁকে অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
এ ছাড়া অভিযানে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat