মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলম। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আকন্দ পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পশ্চিম ভূঞাপুরে ফিরছিলেন আলম ও সুরুজ আকন্দ। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সুরুজ আকন্দ নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আলমকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা নতুন বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat