শরিফুল আলম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রান্সফরমার নষ্ট হয়ে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে পিডিবি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম ও ড্রয়ার ভাঙচুর করা হয়। হামলায় পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের শিমরাইল গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ জন বাসিন্দা পিডিবি কার্যালয়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা সজিব মিয়া, নূরুল হক, আতিকুল ইসলাম ও জহিরুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট রাতে শিমরাইল গ্রামের ট্রান্সফরমারটি নষ্ট হওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় পানির সংকট, খাবার সংরক্ষণে সমস্যা, প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের ভোগান্তি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, নতুন ট্রান্সফরমার দেওয়ার কথা বলে পিডিবির আবাসিক প্রকৌশলীকে ৫০ হাজার টাকা দেওয়া হলেও এক সপ্তাহেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এর আগে প্রায় এক মাস আগেও ট্রান্সফরমার নষ্ট হলে নতুনটির পরিবর্তে পুরোনো ট্রান্সফরমার দেওয়া হয়েছিল। সেটিও কয়েক দিন পর নষ্ট হয়ে যায়। বারবার পুরোনো ট্রান্সফরমার দেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।
তবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বিক্ষুব্ধ লোকজন আমার ওপর হামলা শুরু করেন। ট্রান্সফরমারের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তবে লাইন সংযোগ ও মেরামতের কাজে লাইনম্যানদের কিছু খরচাপাতি দেওয়া হয়।’
রেজাউল করিম আরও বলেন, পিডিবিতে ট্রান্সফরমারের সংকট থাকায় নতুন ট্রান্সফরমারের পরিবর্তে একটি পুরোনো ট্রান্সফরমার দেওয়া হয়েছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, শিমরাইল গ্রামের ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি একাধিকবার জানানো হয়েছিল। তবে ট্রান্সফরমারের সংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন ট্রান্সফরমার পেতে দেরি হয়েছে। গতকাল রাতে একটি ট্রান্সফরমার এলেও সেটি পুরোনো হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এতে উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম আহত হন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে বিক্ষুব্ধ লোকজন সেখান থেকে সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় হামলা ও ভাঙচুরের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat