ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া মামলায় মো. রবিন (২৪) নামে কথিত এক ‘সিনিয়র জুয়াড়ি’কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশার ছেলে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অনলাইন জুয়া মামলায় তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও অনলাইন জুয়ার দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা অনলাইন জুয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রবিনকে গ্রেপ্তারের বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে প্রকাশ করার পর স্থানীয় সচেতন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনলাইন জুয়া, মাদক ও ক্যাসিনোবিরোধী পুলিশের ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন অনেকে। তাদের দাবি, এসব অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat