ন্যাশনাল ডেস্ক
ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলে ধরা। তবে সংঘাত দ্রুত শেষ করার জন্য তিনি তাড়াহুড়ো করছেন না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। এ সময় তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য তার কোনো সময়সীমা নেই এবং তিনি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন তার ইরানবিষয়ক সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে তার চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতেও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, ওমান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্র ওমানের ওপর ব্যাপক হামলা চালাবে।
ইরান গত সপ্তাহে জানিয়েছিল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে তারা ওমানের সঙ্গে আলোচনা করছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে আছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গেও সরাসরি একটি গোপন যোগাযোগব্যবস্থা চালু করেছে। তবে সেই যোগাযোগ থাকলেও ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করতে ট্রাম্প কোনো তাড়াহুড়ো করছেন না বলে জানিয়েছেন।
সূত্র : আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat