রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক স্বৈরাচার শেখ হাসিনা তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধ এবং আওয়ামী লীগের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘ঝালকাঠির সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রনেতা আসিফ আল ইমরান, জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবীর লস্কর ও ইমরাতুল খান ইমরান, ছাত্রনেতা মো. মাহফুজার রহমান, শান্ত আহমেদ রিজু ও শাওন শরীফ।
বক্তারা অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে ইকবাল সোবহান চৌধুরী নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়েছেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তথ্য উপদেষ্টার পদ লাভ করেন বলে দাবি করেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ইকবাল সোবহান চৌধুরী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। এ সময় তাঁর সম্পাদিত দৈনিক অবজারভারসহ নিয়ন্ত্রণাধীন সব গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বন্ধের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে স্থানীয় ছাত্রনেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat