শিমুল রেজাঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার রেললাইনের ১৫৫/৪ নম্বর পিলারের সিগন্যালসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট এলাকা ও আলমডাঙ্গা রেলস্টেশনসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং রাতে কখনো পশুহাটে, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন। স্থানীয় লোকজন যে যা খাবার দিতেন, তাই খেয়ে জীবনযাপন করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat