
সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে পরিমাণে বকেয়া রেখে গেছে এবং যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে। সব মিলিয়ে সামনে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।
তিনি বলেন, এখন আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালভাবে চালানো ও আগামি গ্রীষ্মকাল সামাল দেওয়া। আমি প্রাণপনে চেষ্টা করবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। দু-একটা ফল্ট হতে পারে। তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুদিন হলো মন্ত্রী হয়েছি, কাজকর্ম দেখি, বুঝি তারপর বলতে পারবো।
তাঁকে নির্বাচিত করায় সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমার চেষ্টা দিয়ে সিরাজগঞ্জের জন্য ভালো কিছু করবো ইনশাল্লাহ।
মামা-ভাগনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায়ও মামা-ভাগনে মন্ত্রী ছিল। ওনার ছেলের মন্ত্রীসভায় আমরা মামা-ভাগনে মন্ত্রী হয়েছি। এটা নতুন কোন বিষয় নয়।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার সকালে দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জে এসেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে অংশ নেন।