রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তার ভিত্তি। কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ফলজ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
কর্মসূচিতে কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে বোরো ধানের ফলন নিরূপণে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, প্রশাসন ও অর্থ উইংয়ের অতিরিক্ত উপপরিচালক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাতসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat