সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান ও একটি মোটর সাইকেল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাত আড়াইটার দিকে শহরের হোসেনপুর বউবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, হোসেনপুর বউ বাজারে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারদিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি একটি টেলিভিশন সার্ভিসিং দোকানের মালামাল ও দোকানের ভিতরে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।
ভুক্তভোগীদের দাবী এ অগ্নিকাণ্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat