নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনাকে অস্থিতিশীল না করতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক। তিনি বলেছেন, ‘এই নেত্রকোনাকে গোপালগঞ্জ বানানোর কোনো কারণ নেই। আগুনসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করুন। অন্যথায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’
রোববার (২২ নভেম্বর) নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন খান মিল্কিসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বেশ কয়েক দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। নেত্রকোনার কয়েকটি স্থানে অগ্নিসংযোগসহ নাশকতার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গোপালগঞ্জে ধ্বংসযজ্ঞ চালিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সমস্যার মুখে পড়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেত্রকোনায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি আরও বলেন, রাতের আঁধারে সাধারণ নেতাকর্মীদের দিয়ে এসব কর্মকাণ্ড না করিয়ে সাহস থাকলে প্রকাশ্যে রাজনীতিতে আসুন। ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না করলে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat