তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সন্তানের মুখের দিকে তাকিয়ে অসহায় এক বাবার নীরব কান্না যেন প্রতিদিন আরও ভারী হয়ে উঠছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী দিনমজুর নজরুল ইসলামের একমাত্র সন্তান সোহান প্যারালাইসিসে আক্রান্ত হয়ে একটি পা হারানোর ঝুঁকিতে রয়েছে। অথচ অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যেই দিন কাটছে নজরুল ইসলামের পরিবারের। দিনমজুরির সামান্য আয়ে কোনোমতে সংসার চললেও ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, সময়মতো উন্নত চিকিৎসা ও নিয়মিত ওষুধের ব্যবস্থা করা গেলে সোহানের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থের সংকটে সেই চিকিৎসা এখন অনিশ্চয়তার মুখে।
অসহায় বাবা নজরুল ইসলাম জানান, সন্তানের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সহায়তা পাননি। প্রতিদিন ছেলের অসহ্য যন্ত্রণা আর ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাওয়া দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন।
একটি শিশুর স্বাভাবিক জীবন, হাসি আর ভবিষ্যৎ আজ নির্ভর করছে সমাজের মানবিক মানুষের সহমর্মিতার ওপর। সময়মতো সহযোগিতা পেলে সোহান ফিরে পেতে পারে সুস্থ জীবনের স্বপ্ন। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান, দানশীল ও সামর্থ্যবান মানুষের প্রতি অসহায় পরিবারের আকুল আবেদন—আপনাদের সামান্য সহযোগিতাই হতে পারে সোহানের নতুন জীবনের আশার আলো, রক্ষা পেতে পারে তার একটি পা এবং সুন্দর ভবিষ্যৎ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat